রাঙ্গামাটিতে পৃথক দুটি ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন দুই শিশুসহ তিনজন। রোববার কাউখালী উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালক ও কাপ্তাই হ্রদে মাছ ধরতে গিয়ে এক যুবক মারা যান।
পুলিশ জানায়, রোববার দুপুরে কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের চায়েরি বাজার থেকে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন পাইশিথোয়াই মারমা (৩৫)। পূর্ব মনাইপাড়া এলাকায় চট্টগ্রাম–রাঙ্গামাটি সড়কে বেতবুনিয়া পুলিশ ফাঁড়ির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে পাইশিথোয়াই মারমা গুরুতর আহত হলে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়াও দুর্ঘটনায় আহত হন পাইশিথোয়াইর স্ত্রী থুইপ্রু মারমা, আট বছর বয়সী মেয়ে মাসিসিং মারমা ও তিন বছর বয়সী ছেলে হ্লাসাইউ মারমা আহত হন। নিহত পাইশিথোয়াই বেতবুনিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড পূর্ব মনাইপাড়া এলাকার সুইচাঅং মারমার ছেলে। তিনি বেতবুনিয়ার কাশখালী উচ্চবিদ্যালয়ে অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ কাভার্ড ভ্যানটি জব্দ করেছে।
অন্য ঘটনায় কাপ্তাই হ্রদের রিজার্ভ বাজার এলাকায় মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মারা গেছেন মোহাম্মদ জনি (২৬) নামের এক যুবক। সকালে মোহাম্মদ জনি নৌকায় করে কাপ্তাই হ্রদে মাছ ধরতে যান। দুপুরে বাড়ি ফিরে না আসায় তার মা বাড়ির অদূরে হ্রদে জনির খালি নৌকা দেখে স্থানীয়দের জানান। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে হ্রদ থেকে জনির মরদেহ উদ্ধার করা হয়। নিহত জনি মৃগীরোগী ছিলেন বলে জানিয়েছেন রাঙ্গামাটি কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ উদ্দিন।


