সিরাজগঞ্জে আলাদা তিনটি স্থান থেকে এক নারীসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার বেলা ১১টার দিকে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
নিহতরা হলেন সিরাজগঞ্জ পৌর এলাকার দিয়ার ধানগড়া মহল্লার সোহরাব হোসেনের ছেলে দুলাল শেখ (৫৫), একডালা ধোপাপাড়া মহল্লার মৃত সাহেব আলীর ছেলে মনসুর আলী (৭০) এবং সদর উপজেলার কালিয়া গ্রামের লালন মিয়ার স্ত্রী স্বপ্না খাতুন (৩৫)।
পুলিশ জানায়, শনিবার রাতে শহরের গণপূর্ত অধিদপ্তর এলাকা থেকে দুলাল শেখের মরদেহ উদ্ধার করা হয়। একই রাতে পৌর এলাকার একডালা ধোপাপাড়া মহল্লা থেকে মনসুর আলী এবং সদর উপজেলার কালিয়া গ্রাম থেকে স্বপ্না খাতুনের মরদেহ উদ্ধার করা হয়।
সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হাসান ও ইন্দ্রজিৎ বর্মন জানান, রাতে গণপূর্ত অধিদপ্তর এলাকায় দুলাল শেখের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ থানায় আনা হয়।
রোববার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
অপরদিকে, মনসুর আলী ও স্বপ্না খাতুনের পরিবারের দাবি, তারা আত্মহত্যা করেছেন। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।


