মাটিতে মাদুর পেতে বসে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের নির্বাচনী থিম সং উদ্বোধন করেছে। শনিবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে শহীদ হাদি চত্বরে জাতীয় জাদুঘরের সামনে মাদুর পেতে থিম সংটি লঞ্চ করা হয়।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান থিম সংটির উদ্বোধন করেন।
আসিফ মাহমুদ বলেন, ‘আমরা থিম সং লঞ্চ করতে চেয়েছি রাজপথ থেকে, যেখান থেকে আমাদের জন্ম হয়েছে। আমরা খুব ফ্যান্সিভাবে ফাইভ-স্টার হোটেল ভাড়া করে সেলিব্রেটিদের এনে অনুষ্ঠান করতে পারিনি।’
তিনি বলেন, ‘আমরা মনে করি এখানে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আছেন, আমাদের হরিজন সম্প্রদায়ের মানুষও আছেন এবং আমরা তাদের প্রতিনিধিত্ব করি। আমরা তাদের সঙ্গে নিয়েই আমাদের থিম সং লঞ্চ করতে চেয়েছি। এমন কোনো জায়গায় লঞ্চ করতে চাইনি, যেখানে তাদের প্রবেশের অধিকার নেই।’
এনসিপির এই মুখপাত্র আরও বলেন, ‘এই থিম সংয়ের মাধ্যমে আমরা আমাদের পার্টির পরিচয়, নির্বাচনে আমরা কী কী কনসেপ্ট নিয়ে আসছি এবং একই সঙ্গে শাপলা কলিকে পরিচিত করানোর বিষয়গুলো তুলে ধরেছি। সবকিছু মিলিয়ে আজকের এই থিম সং। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি ভালো আউটপুট পাওয়ার জন্য। আপনাদের সবার ভালো লাগবে—এই প্রত্যাশা রাখছি।’
এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির অর্থ ও ফান্ডরেইজিং উপকমিটির প্রধান ফরহাদ সোহেল থিম সং উদ্বোধন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। অনুষ্ঠানে দলের নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন এবং এনসিপি, ছাত্রশক্তি, যুবশক্তি ও অঙ্গসংগঠনসমূহের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


