বন্যা মোকাবিলায় সরকারের তৎপরতা যথেষ্ট নয়: নাহিদ ইসলাম

বন্যা মোকাবিলায় সরকারের তৎপরতা যথেষ্ট নয়: নাহিদ ইসলাম
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেন নাহিদ ইসলাম। ছবি: টাইমস
Advertisement
Advertisement

চট্টগ্রাম অঞ্চলে বন্যা পরিস্থিতির চরম অবনতি হলেও দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের তৎপরতা যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম।

রোববার দুপুরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণের সময় তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, সরকারের তৎপরতা যথেষ্ট নয়। এই ধরনের সংকট সরকার আরও ভালোভাবে সামাল দিতে পারত। এখানে স্থানীয় প্রশাসন বা দুর্যোগ মন্ত্রণালয় যতটুকু সক্রিয় আছে, তার তুলনায় এই অঞ্চলের মন্ত্রী-প্রতিমন্ত্রীদের কোনো ভূমিকা জনগণ দেখতে পাচ্ছে না।

আনোয়ারা উপজেলার রায়পুর দোভাষী বাজার এলাকায় স্থানীয়দের সঙ্গে কথা বলার সময় নাহিদ ইসলাম জানান, এই অঞ্চলে একটি বেড়িবাঁধ হওয়ার কথা ছিল এবং সেটির জন্য বরাদ্দও হয়েছিল। কিন্তু বাঁধটি না হওয়ায় সামান্য বৃষ্টিতেই পানি জমে জনদুর্ভোগ তৈরি হচ্ছে।

বন্যার প্রকৃত চিত্র ও মানুষের দুর্ভোগের সংবাদ ঢাকার গণমাধ্যম বা জাতীয় সংবাদমাধ্যমে সেভাবে আসছে না বলে জানান নাহিদ ইসলাম। তিনি বলেন, মিডিয়ার প্রতি আমাদের আহ্বান থাকবে- কোথায় মানুষ আটকে আছে, কোথায় সুবিধা পৌঁছায়নি, সেই তথ্যগুলো যেন প্রচার করা হয়। সঠিক তথ্য পেলে আমরা আরও দ্রুত মানুষের কাছে পৌঁছাতে পারব।

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী নাহিদ ইসলাম রোববার বেলা সাড়ে ১১টায় চট্টগ্রামে পৌঁছান। আনোয়ারার কর্মসূচি শেষে তিনি বাঁশখালীর ছনুয়ায় ত্রাণ বিতরণ করেন। এরপর সাতকানিয়ার কাঞ্চনা ফুলতলায় ত্রাণ বিতরণ শেষে পটিয়া মাদ্রাসার উদ্দেশ্যে যাত্রা করার কথা রয়েছে তার। এই সফরে তার সঙ্গে রয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর