টানা ভারী বৃষ্টিতে রাজধানীর ধানমন্ডি ও গ্রিন রোড এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। কোথাও হাঁটু, আবার কোথাও কোমরসমান পানি জমায় যান চলাচল ব্যাহত হচ্ছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।
রোববার দুপুর থেকে বিকাল পর্যন্ত ধানমন্ডি ও গ্রিন রোড এলাকা ঘুরে দেখা যায়, অনেক সড়ক সম্পূর্ণ পানির নিচে তলিয়ে গেছে। পানি আটকে থাকায় ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা ও রিকশা চলাচল করতে সমস্যা হচ্ছে। অনেক স্থানে কোনো যান চলাচল করতে পারছে না।
এই পরিস্থিতির সুযোগে গ্রিন রোড এলাকায় স্থানীয় কয়েকজন ভ্যানচালক জলাবদ্ধ সড়ক পারাপারের জন্য অস্থায়ী ভ্যানসেবা চালু করেছেন। যাত্রীদের অতিরিক্ত ভাড়া দিয়ে ভ্যানে করে পানি পার হতে দেখা গেছে।
গ্রিন রোড এলাকার অনেক দোকান পানির নিচে তলিয়ে গেছে। নিচতলার বিভিন্ন দোকানে পানি ঢুকে পড়ায় ব্যবসায়ীরা দ্রুত মালামাল নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। অনেক দোকানে ব্যবসা বন্ধ রাখতে বাধ্য হয়েছেন মালিকরা।
মঞ্জুর আহমেদ নামের এক ভুক্তভোগী টাইমস অব বাংলাদেশকে বলেন, ‘এত পানির মধ্যে চলাচল করা খুব কঠিন হয়ে পড়েছে। গন্তব্যে পৌঁছাতে দুইবার গাড়ি পরিবর্তন করতে হয়েছে। প্রথমে ব্যাটারিচালিত রিকশায় কিছুটা পথ এসেছি, এরপর কোমরসমান পানি থাকায় ভ্যানগাড়িতে করে জলাবদ্ধ অংশ পার হতে হয়েছে।’
স্থানীয়রা জানিয়েছেন, টানা বৃষ্টির পর পানি দ্রুত নিষ্কাশন না হওয়ায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে। জলাবদ্ধতার কারণে কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও জরুরি কাজে বের হওয়া ব্যক্তিরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন।
বাসিন্দাদের অভিযোগ, রাজধানীতে প্রায় প্রতি বর্ষায় একই ধরনের জলাবদ্ধতা সৃষ্টি হলেও এর স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ দেখা যায় না। তারা ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।


