কানাডার ম্যানিটোবায় বন্যাকবলিতদের জন্য ৫০০ ডলার অগ্রিম সহায়তা

কানাডার ম্যানিটোবায় বন্যাকবলিতদের জন্য ৫০০ ডলার অগ্রিম সহায়তা
Advertisement
Advertisement

কানাডার ম্যানিটোবা প্রদেশে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সহায়তায় বিশেষ পুনরুদ্ধার কর্মসূচি ঘোষণা করেছে প্রাদেশিক সরকার। পাশাপাশি, দুর্যোগজনিত আর্থিক সহায়তার জন্য আবেদনকারী প্রত্যেককে দ্রুত ৫০০ কানাডীয় ডলার অগ্রিম দেওয়া হবে।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে প্রিমিয়ার ওয়াব কিনিউ জানান, জরুরি ব্যবস্থাপনা সংস্থা এবং অর্থ বিভাগ সপ্তাহ জুড়ে কাজ করে যত দ্রুত সম্ভব ক্ষতিগ্রস্তদের হাতে অর্থ পৌঁছে দেবে।

ম্যানিটোবার জরুরি ব্যবস্থাপনা সংস্থার পরিচালক ক্রিস্টিন স্টিভেন বলেন, ‘নতুন ম্যানিটোবা ফ্লাড রিকভারি প্রোগ্রাম-এর আওতায় বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক ও ভাড়াটিয়ারা এককালীন অনুদান পাবেন। যাদের বীমা নেই বা বীমার আওতা পর্যাপ্ত নয়, তারাও এই সহায়তা পাবেন। এমনকি দুর্যোগজনিত আর্থিক সহায়তার জন্য যোগ্য না হলেও এই অনুদানের জন্য বিবেচিত হবেন।’

তিনি জানান, অনুদানের নির্দিষ্ট কোনো সর্বোচ্চ সীমা নেই। ক্ষয়ক্ষতির মাত্রা অনুযায়ী অর্থ দেওয়া হবে। এই অর্থ ঘরবাড়ি পরিষ্কার-পরিচ্ছন্নতা, মেরামত কিংবা কাঠামোগত ক্ষতি পুনর্নির্মাণে ব্যবহার করা যাবে।

আরও পড়ুন

সরকারের তথ্য অনুযায়ী, ইতোমধ্যে প্রায় ১ হাজার ৮০০ জন দুর্যোগজনিত আর্থিক সহায়তার জন্য আবেদন প্রক্রিয়া শুরু করেছেন। তারা প্রত্যেকে দ্রুত ৫০০ ডলার অগ্রিম পাবেন।

এ ছাড়া ক্ষতিগ্রস্তরা প্রয়োজনীয় ছবি ও নথিপত্র সংরক্ষণ করে ঘরবাড়ি মেরামতের কাজ শুরু করতে পারবেন বলে জানিয়েছেন প্রিমিয়ার কিনিউ।

একই সঙ্গে সরকার জানিয়েছে, বন্যাদুর্গতদের সহায়তায় জনসাধারণের অনুদান সংগ্রহে কানাডিয়ান রেড ক্রস-এর সঙ্গে কাজ করা হবে। এসব অনুদানের সমপরিমাণ অর্থ সরকারও দেবে এবং এ জন্য ১ কোটি ৫০ লাখ কানাডীয় ডলার বরাদ্দ রাখা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর