রাজধানীর মালিবাগ আবুল হোটেলের সামনে সড়ক দুর্ঘটনায় চারজন আহত হয়েছেন।
মালিবাগ-মৌচাক ফ্লাইওভার থেকে নামার সময় ‘ভিক্টর ক্লাসিক’ পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটি কোস্টার, একটি মাইক্রোবাস ও তিনটি মোটরসাইকেলসহ বেশ কয়েকটি যানবাহনকে সজোরে ধাক্কা দেয়। এ ঘটনায় একজন গুরুতর আহতসহ অন্তত চারজন জখম হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার বিকালে ভিক্টর ক্লাসিক পরিবহনের লোকাল বাসটি ফ্লাইওভার থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারায়।
মুহূর্তের মধ্যে বাসটি সামনে থাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোস্টার, একটি মাইক্রোবাস এবং তিনটি মোটরসাইকেলকে একের পর এক ধাক্কা দেয়।
এ সময় এক মোটরসাইকেল আরোহী মারাত্মকভাবে আহত হন। স্থানীয়দের সহায়তায় আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পরপরই বাসচালক ও হেলপার পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
এ বিষয়ে রামপুরা ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার এ কে এম আসাদুজ্জামান টাইমস অব বাংলাদেশকে বলেন, ‘দুর্ঘটনার পরপরই বাসচালক ও তার সহকারী পালিয়ে গেছে। আমরা দুর্ঘটনাকবলিত বাসটিকে জব্দ করে রেকার দিয়ে হাতিরঝিল থানায় পাঠিয়েছি।’
এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। দুর্ঘটনার ফলে মালিবাগ ডিআইটি রোড এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়, যোগ করেন তিনি।


