নির্বাচনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অংশগ্রহণ করতে পারেন বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। বুধবার ফেনীতে আয়োজিত এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
ফেনী শহরের একটি মিলনায়তনে ‘বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন’ শীর্ষক প্রকল্পের অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় আবদুল আউয়াল মিন্টু আরও বলেন, ‘বিশ্বাস করতে চাই, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে। দেশে এখন যে অবস্থা ফেব্রুয়ারি আগেই নির্বাচন হতে পারে। হয়তো জানুয়ারিতেও হয়ে যেতে পারে। কেয়ারটেকার সরকার নিয়ে সুপ্রিম কোর্টে একটা ডেট পেন্ডিং আছে।’
‘তত্ত্বাবধায়ক সরকারের প্রবর্তন হলে তার অধীনে ৯০ দিনে নির্বাচন হবে। সে ক্ষেত্রে নির্বাচন হলে আমাদের নেত্রী খালেদা জিয়া অংশগ্রহণ করতে পারেন,’ যোগ করেন মিন্টু।
তিনি আরও বলেন, ‘যদি দেশে দীর্ঘ সময় ধরে নির্বাচিত সরকার না থাকে, তবে জনগণের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হবে না।’
তিনি উল্লেখ করেন, ‘২০০৬ সাল থেকে আমরা সুষ্ঠু নির্বাচনের জন্য আন্দোলন করে আসছি।’
তিনি জানান, ‘ভারপ্রাপ্ত চেয়ারপারসন লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করেছেন এবং তারা আশ্বস্ত করেছেন যে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।’
ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলামের সঞ্চালনায় এই মতবিনিময় সভায় নির্বাচন ও সরকারের ভূমিকা নিয়ে বিএনপির নেতারা বক্তব্য রাখেন।


