সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর করার জন্য দেশের জনগণ প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
শুক্রবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আন্তর্জাতিক ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প বা উদ্যোগ (এমএসএমই) দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত সম্মাননা প্রদান ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, ‘আজকে একটি ইন্টারভিউ আমরা দেখেছি, ডিসেম্বরে কেউ একজন (শেখ হাসিনা) দেশে ফেরার পরিকল্পনা করেছেন। আমরাও চাই ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য তিনি দেশে ফিরে আসুক।’
তিনি বলেন, বাংলাদেশে রায় হয়ে গেছে। এখন সরকারের উচিত যথাযথ কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা।
নাহিদ ইসলাম আরও বলেন, শেখ হাসিনা কীভাবে আসবেন এবং কাদের নিয়ে আসবেন, সেটি বাংলাদেশ সরকারকে ঠিক করতে হবে। এ বিষয়ে দিল্লির সঙ্গে আলোচনা করতে হবে। সব প্রস্তুতি নিয়েই তাকে দেশে আনতে হবে।
তিনি বলেন, শেখ হাসিনার সিদ্ধান্ত তার ব্যক্তিগত সিদ্ধান্ত নয়। দিল্লি থেকে যতটুকু অনুমতি দেওয়া হয়, সে অনুযায়ী তিনি কথা বলেন। তার দেশে ফেরা, বিচার প্রক্রিয়া ও পরবর্তী পরিস্থিতি মূলত ঢাকা-দিল্লির কূটনৈতিক ও রাজনৈতিক বোঝাপড়ার ওপর নির্ভর করবে।
তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা বা আওয়ামী লীগকে কেন্দ্র করে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত করার যদি কোনো ধরনের পাঁয়তারা বা প্রচেষ্টা হয়, সরকার যদি সেটাকে প্রশ্রয় দেয়, তাহলে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন সরকারই হবে। বাংলাদেশের আপামর জনগণ, জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী সব পক্ষ, ত্রিশ হাজার আহত ও ১ হাজার ৪০০ শহীদ পরিবারের সদস্য, আমরা সবাই প্রস্তুত আছি।’
আওয়ামী লীগের বিচার প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ‘বাংলাদেশে এখন আওয়ামী লীগকে দলগতভাবে বিচারের আওতায় নেওয়ার কথা সরকারও ভাবছে। আমরা মনে করি, এটাই সঠিক রাস্তা। শেখ হাসিনার রায় অলরেডি হয়ে গেছে। এখন এটা কার্যকর করতে হবে।’
উল্লেখ্য, শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা জানান, আগামী ডিসেম্বরে ভারত থেকে দেশে ফিরে তিনি আত্মসমর্পণ করতে চান।


