চট্টগ্রামে আকস্মিক বন্যা মোকাবিলায় বেসামরিক প্রশাসনের সহায়তায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় বাংলাদেশ সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
শুক্রবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এই তথ্য নিশ্চিত করেছে।
জেলা প্রশাসকের অনুরোধে চট্টগ্রামের লোহাগাড়া, সাতকানিয়া, চন্দনাইশ ও বাঁশখালী উপজেলায় ১০ পদাতিক ডিভিশনের সদস্যরা উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালাচ্ছে। টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে এই চার উপজেলার প্রায় ৪ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনী জরুরি উদ্ধারকারী দল ও প্রয়োজনীয় সরঞ্জাম মোতায়েন করেছে।
অন্যদিকে বোয়ালখালী, হাটহাজারী ও ফটিকছড়ি উপজেলায় ২৪ পদাতিক ডিভিশনের সেনাসদস্যরা দায়িত্ব পালন করছে। বন্যাদুর্গত এলাকায় নিরবচ্ছিন্ন অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ২৪ পদাতিক ডিভিশন তিনটি ক্যাম্প স্থাপন করেছে।
প্রাকৃতিক দুর্যোগে বেসামরিক প্রশাসনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সাধারণ মানুষের জানমাল রক্ষায় সেনাবাহিনী বদ্ধপরিকর। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে।


