জাপানের টোকিওর নারিতা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট আগামী ২৭ জুলাইয়ের মধ্যে চালু হবে বলে জানিয়েছেন বিমানমন্ত্রী আফরোজা খান রিতা।
সোমবার সকালে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
এ সময় আফরোজা খান রিতা জানান, আগামী ৩০ জুনের মধ্যে ফ্লাইট চালুর কথা ছিল কিন্তু জাপানের প্রস্তুতি না থাকার কারণে ২৭ জুলাইয়ের মধ্যে বিমান চলাচলের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, জাপানে প্রায় ৪০ হাজার বাংলাদেশি আছেন যাদের মধ্যে বিমানে ওঠার চাহিদা অনেক। এসব চাহিদাকে মাথায় রেখেই এই রুট চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিমানমন্ত্রী বলেন, এ বছরের ১৬ ডিসেম্বরের মধ্যে হযরত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর প্রস্তুতি চলছে।
আরেক প্রশ্নের উত্তরে বিমানমন্ত্রী আফরোজা খান রিতা বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো হ্যান্ডেলিংয়ের কাজ দেওয়ার ব্যাপারে এখনো কারো সঙ্গে চুক্তি হয়নি।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিয়ে ওঠা দুর্নীতি অভিযোগ দুর্নীতি দমন কমিশন খতিয়ে দেখছে বলেও জানান বিমানমন্ত্রী।


