মাদারীপুরের রাজৈরে আলাদা ঘটনায় দুইজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উপজেলার ইশিবপুর ইউনিয়নের শাখারপাড় গ্রামের নিজঘর থেকে রুমি বেগম নামে এক মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া খালিয়া গ্রামের বাড়ির উঠানের গাছে ঝুলন্ত অবস্থায় মাইক্রোবাসচালক আরিফ শেখের মরদেহ উদ্ধার করা হয়।
জানা গেছে, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
রাজৈর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কুতুব উদ্দিন আহমেদ জানিয়েছেন, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
নিহত আরিফ শেখ খালিয়া গ্রামের মৃত সাহেব আলী শেখের ছেলে এবং নিহত রুমি বেগম গাংকান্দি শাখারপাড় গ্রামের মালয়েশিয়া প্রবাসী শিপন মোল্লার স্ত্রী ও গোবিন্দপুর গ্রামের সোনামিয়া মাতুব্বরের মেয়ে। পারিবারিক কলহের জেরে দুইজনই আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।


