এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন করেছে বিশেষজ্ঞ নিউরো চিকিৎসক দল।
শুক্রবার সন্ধ্যায় বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম একথা জানান।
তিনি বলেন, মস্তিষ্কের অপারেশন শেষ হয়েছে। পৌনে চার ঘণ্টা অপারেশন শেষে সন্ধ্যা ৭টায় তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। এখন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকবেন তিনি।
এর আগে বিকাল ৩টা ১০ মিনিটে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী অস্ত্রোপচারের জন্য তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়।
দেশবাসীর কাছে মির্জা আব্বাসের পরিবারের দোয়া প্রার্থনা করেছেন বলে জানান ডা. রফিক।
এদিন জুম্মার নামাজের পর মির্জা আব্বাসকে দেখতে প্রধানমন্ত্রী তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে যান। তারেক রহমান মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে তার চিকিৎসা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। প্রধানমন্ত্রী কিছু সময় মির্জা আব্বাসের শয্যার পাশেও অবস্থান করেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
উল্লেখ্য, গত বুধবার ইফতারের সময়ে অসুস্থ হয়ে জ্ঞান হারান প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। পরে তাকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।


