কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মরিচ খেতে গোপনে চাষ করা প্রায় ১০ ফুট উচ্চতার একটি বিশাল গাঁজার গাছ জব্দ করেছে পুলিশ।
শনিবার বিকালে উপজেলার তিলাই ইউনিয়নের খোঁচাবাড়ি বটতলাসংলগ্ন দুধকুমার নদের দুর্গম চরে অভিযান চালিয়ে গাছটি উদ্ধার করা হয়।
ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুনের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ তিলাই খোঁচাবাড়ি গ্রামের কৃষক ইউসুফ মিয়া দুধকুমার নদের পাড়ে জেগে ওঠা চরে নিজের মরিচ খেতের ভেতর গোপনে একটি গাঁজার গাছ রোপণ করেন। দীর্ঘ প্রায় দুই বছর ধরে পরিচর্যার মাধ্যমে গাছটি প্রায় ১০ ফুট উচ্চতায় পৌঁছায়। গাছটিতে ফুল আসার আগেই গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি পুলিশের নজরে আসে। শনিবার বিকালে বিস্তীর্ণ চরাঞ্চলে বিশেষ অভিযান চালিয়ে পুলিশ মরিচ খেতের মাঝ থেকে বৃহৎ আকৃতির গাছটি উপড়ে থানায় নিয়ে আসে।
পুলিশ আরও জানায়, ওই চরাঞ্চলের আর কোথাও এভাবে অবৈধ গাঁজার চাষ করা হয়েছে কি না তা খতিয়ে দেখতে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে অভিযুক্ত কৃষক ইউসুফ মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
অভিযানের বিষয়ে ভূরুঙ্গামারী সার্কেলের এএসপি মুনতাসির মামুন মুন বলেন, ‘চরাঞ্চলের কিছু দরিদ্র কৃষক অধিক মুনাফার লোভে মাদক কারবারিদের প্ররোচনায় পড়ে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য চাষে জড়িয়ে পড়ছেন। মাদকের বিরুদ্ধে আমরা ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছি। চরাঞ্চলসহ পুরো উপজেলায় মাদক নির্মূলে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি আমাদের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।’


