ময়মনসিংহ রেল স্টেশনের ওয়াশপিটে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আনেন রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
বুধবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার সময় দুর্বৃত্তদের ধাওয়া দিলে তারা স্টেশন এলাকা থেকে পালিয়ে যায়।
রেলওয়ে পুলিশের ময়মনসিংহ কার্যালয়ের পরিদর্শক সিরাজুল ইসলাম জানান, প্ল্যাটফর্মের বাইরের অংশে জারিয়া লোকাল ট্রেনের কোচগুলো ধোঁয়ামোছা করার জন্য ওয়াশপিটে দাঁড় করানো ছিল। রাতে সেখানে এমনিতেই অনেক অন্ধকার থাকে। এই সুযোগে নাশকতার উদ্দেশ্যে একদল দুর্বৃত্ত গানপাউডার এবং পেট্রোল দিয়ে ট্রেনে আগুন দেওয়া হয়। ট্রেনে আগুন দেওয়ার ঘটনার পর থেকে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।
ময়মনসিংহ রেল স্টেশন সুপার আব্দুল্লাহ আল হারুন বলেন, নাশকতার উদ্দেশ্যে ওই ট্রেনে আগুন লাগানো হয়েছে। আগুন একটি বগির কয়েকটি সিটের বেশকিছু অংশ পুড়ে গেছে। আরও কয়েকটি সিটে গানপাউডার জাতীয় মিশ্রণ ছড়িয়ে রাখা হয়েছে। এগুলোতে পেট্রোল জাতীয় তরল পদার্থ ঢালা হয়েছিল যেন দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। তবে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর তৎপরতায় আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে ময়মনসিংহ রেল স্টেশন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
‘আগুন নিয়ন্ত্রণ করা না গেলে পাশের কোচ, ট্রেনের ইঞ্জিন এবং প্ল্যাটফর্মের অন্যান্য অংশে আগুন ছড়িয়ে পড়তো। এতে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা ছিল’ বলেও জানান তিনি।


