রাঙ্গামাটিতে ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ

রাঙ্গামাটিতে ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ
জেলা বিএনপির কার্যালয়ের সামনে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। রোববার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত | ছবি: টাইমস
Advertisement
Advertisement

রাঙ্গামাটি জেলা ছাত্রদলের নবগঠিত কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ করেছেন সংগঠনটির একাংশ নেতাকর্মীরা।

রোববার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলা বিএনপির কার্যালয়ের সামনে টায়ারে আগুন জ্বালিয়ে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভের কারণে রাঙ্গামাটির সঙ্গে চট্টগ্রামসহ সারা দেশের সড়ক যোগাযোগ কয়েক ঘণ্টা বিচ্ছিন্ন থাকে। এতে সাধারণ যাত্রী ও এসএসসি পরীক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হন। পরে জেলা বিএনপির নেতাদের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়।

গত শনিবার রাত ১২টার দিকে কেন্দ্রীয় ছাত্রদল ২৩ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করে। এতে মো. অলি আহাদকে সভাপতি ও নাঈমুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়। কমিটি ঘোষণার পর পরই পদবঞ্চিত নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

তাদের দাবি, নবগঠিত সভাপতি পর্যটক অপহরণের ঘটনার সঙ্গে জড়িত এবং সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মাদকের মামলা রয়েছে।

আরও পড়ুন

বিক্ষোভে অংশ নেওয়া কলেজ শাখা ছাত্রদলের সহসভাপতি সুরেশ চাকমা ও সাবেক সহদপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম জানান, দ্রুত এই কমিটি বাতিল না করলে অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধসহ কঠোর আন্দোলন করা হবে।

নবগঠিত সাধারণ সম্পাদক নাঈমুল ইসলাম তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও বানোয়াট দাবি করে বলেন, ‘পূর্ণাঙ্গ কমিটিতে নাম আসার প্রত্যাশা পূরণ না হওয়ায় কেউ কেউ ক্ষুব্ধ হয়ে মিথ্যা প্রচারণা চালাচ্ছেন।’

সড়ক অবরোধের বিষয়ে রাঙ্গামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মামুনুর রশীদ জানান, ক্ষোভ নিরসনে জেলা বিএনপির সভাপতিসহ উর্ধ্বতন নেতাদের সঙ্গে আলোচনা চলছে।

রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোছাইন জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর