জামায়াতের ত্রুটি-বিচ্যুতি তুলে ধরে গঠনমূলক সমালোচনার আহ্বান

জামায়াতের ত্রুটি-বিচ্যুতি তুলে ধরে গঠনমূলক সমালোচনার আহ্বান
দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে টিভি চ্যানেলের প্রধান নির্বাহী ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি: ভিডিও থেকে
Advertisement
Advertisement

জামায়াতে ইসলামীর ত্রুটি-বিচ্যুতি খোলামেলাভাবে তুলে ধরে গঠনমূলক সমালোচনা করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির আমির শফিকুর রহমান।

তিনি বলেন, গণমাধ্যমের স্বাধীন ও গঠনমূলক সমালোচনা রাজনৈতিক দলগুলোর ভুলত্রুটি সংশোধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বুধবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে টিভি চ্যানেলের প্রধান নির্বাহী ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে এক বৈঠকে এ আহ্বান জানান তিনি।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি জানান, বৈঠকে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি ও বিভিন্ন জনদুর্ভোগের বিষয় তুলে ধরেছেন জামায়াত আমির।

গোলাম পরওয়ার আরও জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়ন না হওয়ায় রাজনীতিতে যে সংকট তৈরি হয়েছে, তা বৈঠকে তুলে ধরেছেন শফিকুর রহমান। একই সঙ্গে পার্লামেন্টের ভেতরে ও বাইরে জামায়াতে ইসলামীর আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকার কথাও তিনি পুনর্ব্যক্ত করেন।

আরও পড়ুন

বৈঠকে জামায়াত আমির বলেন, একটি রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীরও ভুল-ত্রুটি থাকতে পারে। এসব ত্রুটি-বিচ্যুতি গণমাধ্যমে তুলে ধরার পাশাপাশি গঠনমূলক সমালোচনা হলে দল তা থেকে নিজেদের সংশোধনের সুযোগ পাবে।

শফিকুর রহমান বলেন, গণমাধ্যমের স্বাধীনতা গণতান্ত্রিক ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি। তাই কোনো রাজনৈতিক দলের প্রতি অন্ধ সমর্থন বা বিরোধিতা নয়, বরং তথ্যভিত্তিক ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে জনগণের সামনে সত্য তুলে ধরা প্রয়োজন।

তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ডের পাশাপাশি তাদের নীতি, সিদ্ধান্ত ও কার্যক্রম নিয়ে গণমাধ্যমের সমালোচনা থাকলে দলগুলো নিজেদের অবস্থান পর্যালোচনা করতে পারে।

বৈঠকে শফিকুর রহমান বলেন, ইলেকট্রনিক মিডিয়া কেবল সংবাদ পরিবেশনের মধ্যে সীমাবদ্ধ না থেকে জাতীয় সচেতনতা ও ঐক্য সৃষ্টিতে আরও জোরালো ভূমিকা রাখতে পারে। দেশের মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো এবং জাতীয় স্বার্থে ঐক্য গড়ে তুলতেও গণমাধ্যমকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

বৈঠকে কয়েকজন জ্যেষ্ঠ সাংবাদিক জুলাই চার্টার অনুযায়ী অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের পক্ষে মত দেন। তারা সরকারি ও বিরোধী উভয় পক্ষকেই গণভোটের রায় মেনে চলার বিষয়ে স্পষ্ট অবস্থান নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে ভিন্নমত থাকলেও গণভোটের রায় মেনে নেওয়ার বিষয়ে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে পরিষ্কার বার্তা দেওয়ার তাগিদ দেন তারা।

বৈঠকে দেশের বিদ্যুৎ ও গ্যাস সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সন্ত্রাস ও আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বিভিন্ন ক্ষেত্রে দলীয়করণের চিত্র নিয়েও আলোচনা হয়। এসব সংকট মোকাবিলায় রাজনৈতিক দল, গণমাধ্যম ও সংশ্লিষ্ট সব পক্ষের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর