মেহেরপুরের গাংনীতে একটি বোমা সদৃশ বস্তু ও রহস্যজনক চিঠি উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার চরগোয়াল গ্রামের মাথাভাঙ্গা নদীর ঘাট এলাকা থেকে পলিথিনে মোড়া অবস্থায় এসব বস্তু উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানিয়েছে, সকালে নদীর ঘাট এলাকায় একটি পলিথিনে মোড়া কাগজের ভেতরে লাল বস্তু দেখতে পেয়ে তাদের সন্দেহ হয়। কাছে গিয়ে সেটি বোমার মতো মনে হওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। তাৎক্ষণিকভাবে গাংনী থানা পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পলিথিনে কাগজের ভেতরে লাল স্কচটেপে মোড়ানো বোমা সদৃশ বস্তু একটি চিঠি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। চিঠিটিতে কী লেখা ছিল, তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেনি পুলিশ।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আল মামুন জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। একটি বোমা সদৃশ বস্তু ও চিঠি উদ্ধার করে থানায় আনা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।


