দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়াল ২৫৯ জনে।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরে হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এদের মধ্যে দুইজন ঢাকায়, একজন সুনামগঞ্জে ও একজন ময়মনসিংহের হাসপাতালে মারা যান।
প্রতিবেদনে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ৮০৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ২৮৫ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৪৭ জন, বরিশাল বিভাগে ১১২ জন, চট্টগ্রাম বিভাগে ৯৭ জন, খুলনা বিভাগে ৪৯ জন, ময়মনসিংহ বিভাগে ৪৯ জন, রাজশাহী বিভাগে ৩৭ জন, রংপুর বিভাগে ১৭ ও সিলেট বিভাগে ১০ জন ভর্তি হয়েছেন।
চলতি বছর এখন পর্যন্ত এই রোগে আক্রান্ত হয়ে ৬৩ হাজার ১৭০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৬৪ দশমিক ছয় শতাংশ পুরুষ এবং ৩৫ দশমিক চার শতাংশ নারী।
২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়।
২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।


