বৃহস্পতিবার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে বাস ও ট্রাকসহ সকল গণপরিবহনের নতুন ভাড়া নির্ধারণের চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বুধবার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।
এর আগে নতুন বাস ভাড়া নির্ধারণে সচিবালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে মন্ত্রী জানান, এ বৈঠকে ভাড়া পুনর্নির্ধারণের বিষয়টি চূড়ান্ত করা সম্ভব হয়নি। তবে বৃহস্পতিবার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
গত শনিবার রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হয় যা গত রোববার থেকে কার্যকর হয়েছে। নতুন দাম অনুযায়ী প্রতি লিটার ডিজেলে ১৫ টাকা বেড়ে ১১৫ টাকা এবং অকটেনে ২০ টাকা বেড়ে ১৪০ টাকা হয়েছে। এছাড়া পেট্রোলের দাম ১১৬ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা এবং কেরোসিনের দাম ১১২ টাকা থেকে বাড়িয়ে ১৩০ টাকা করা হয়েছে।
এদিকে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি জানিয়েছে, পরিবহন খাত বর্তমানে ব্যাপক আর্থিক চাপের মধ্য দিয়ে যাচ্ছে। ডিজেলের দাম বৃদ্ধির পাশাপাশি ডলারের দাম বেড়ে যাওয়ায় আমদানিকৃত খুচরা যন্ত্রাংশ ও সামগ্রিক যানবাহন রক্ষণাবেক্ষণ খরচ অনেক বেড়ে গেছে বলে তারা উল্লেখ করে।
পরিবহন নেতারা বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে জ্বালানি ও রক্ষণাবেক্ষণ খরচের সাথে সামঞ্জস্য রেখে দ্রুত ও যৌক্তিকভাবে ভাড়া পুনর্নির্ধারণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। তারা মনে করেন এই খাতের স্থিতিশীলতা বজায় রাখতে ভাড়ার সমন্বয় জরুরি।
এর আগে গত রোববার রাতে মালিক ও শ্রমিক সংগঠনের নেতাদের সাথে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কর্মকর্তাদের বৈঠক হয়। ওই বৈঠকের পর ভাড়ার একটি খসড়া প্রস্তাব তৈরি করা হয়েছে বলে গণমাধ্যমকে জানান বিআরটিএ চেয়ারম্যান। তবে ভাড়ার বিষয়ে মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি।


