বিএনপি নেতা ইশরাক হোসেনের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্বগ্রহণে বাধা নেই বলে হাইকোর্টের আদেশের পর আদালতের কথা উল্লেখ না করে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘মব তৈরি করে যদি হাইকোর্টের রায় নেওয়া যায় তাহলে এই হাইকোর্টের দরকার কি?”
পরের পোস্টে সারজিস আলম অভিযোগ করেন, দেশে বিচার প্রক্রিয়ায় পক্ষপাত স্পষ্ট। তার ভাষায়, ‘টাকা আর রাজনৈতিক দলের সুপারিশে অনেক হত্যাকারী আওয়ামী লীগারের জামিন হয়ে যায়। কিন্তু আওয়ামী আমলে জুলুমের শিকার মজলুমদের জামিন হয় না, কারণ তাদের পেছনে টাকা বা প্রভাব নেই।’
তিনি ২০১৩ সালের শাপলা চত্বর অভিযানের প্রসঙ্গ টেনে বলেন, ‘হেফাজতের বহু আলেম এখনো আদালতের চক্করে ঘুরছেন, অনেকে কারাগারে। অথচ বিএনপির আমলে অপরাধ করে জেলে যাওয়া দাগী আসামিরাও এখন জামিন পাচ্ছেন।’
সারজিস প্রশ্ন তোলেন: ‘এই জামিন কাদের সুপারিশে হচ্ছে? কোন আইনজীবী বা বিচারকের সহায়তায় তা সম্ভব হচ্ছে?’
তিনি বলেন: প্রকাশ্যে হাসিনার নির্দেশে এত রক্ত ঝরলো, অথচ নয় মাসেও একটি খুনের বিচারও হলো না!
‘এই দায় কি আসিফ নজরুল স্যার এড়াতে পারেন? তাহলে কি এখন আমাদের তার পদত্যাগ চাওয়া উচিত নয়?’ উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে দেন এনসিপি নেতা সারজিস আলম।


