সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি আহত

সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি আহত
ফাইল ছবি।
Advertisement
Advertisement

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসন্তপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি আহত হয়েছেন। মঙ্গলবার রাত ২টার দিকে বাংলাদেশ-ভারত সীমান্ত নদী কালিন্দী এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- কালিগঞ্জ উপজেলার শীতলপুর গ্রামের মো. মহিউদ্দিন (৪২) এবং মো. শাহীন (২৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাজের সন্ধানে প্রায় এক বছর আগে মহিউদ্দীন ও শাহীন অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতের তামিলনাড়ু রাজ্যে গিয়ে রাজমিস্ত্রি শ্রমিক হিসেবে কাজ করছিলেন।

সম্প্রতি ভারত সরকার সেখানে বসবাসকারী অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান শুরু করলে তারা মঙ্গলবার রাত ২টা থেকে আড়াইটার মধ্যে অবৈধভাবে দেশে ফেরার চেষ্টা করেন।

একপর্যায়ে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসন্তপুর সীমান্ত সংলগ্ন বাশঝাড়িয়া এলাকা দিয়ে কালিন্দী নদী সাঁতরে বাংলাদেশে প্রবেশের সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে তারা দুজনই গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।

আরও পড়ুন

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাত সোয়া ৩টার দিকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তাদের অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক তাদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে তারা অবৈধভাবে ভারতে গিয়েছিলেন এবং একইভাবে বাংলাদেশে ফেরার সময় বিএসএফের গুলিতে গুরুতর আহত হয়েছেন।’

তারা সীমান্তের কোন অংশ দিয়ে এপারে এসেছেন সেটা তিনি নিশ্চিত নন বলে জানান।

এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad