খুলনার রূপসায় দুর্বৃত্তের গুলিতে বিএনপি নেতা শাহীনুর শেখ (৪৫) গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার তালতলা এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
শাহীনুর শেখ উপজেলার ৪ নম্বর টিএসবি বাহিরদিয়া ২ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি। তিনি তালতলা এলাকার আতিয়ার শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে বিএনপি নেতা শাহীনুর একটি চায়ের দোকানে অবস্থান করছিলেন। এ সময়ে একটি মোটরসাইকেলযোগে আসা হেলমেট পরা দুই যুবক তাকে হত্যার উদ্দেশ্যে গুলি চালায়। একটি গুলি তার পায়ে অপর গুলিটি মাথার চামড়া ভেদ করে বের হয়ে যায়। এ সময় উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরবর্তীতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজ্জাক মীর বলেন, খবর জানতে পেরে সেখানে পুলিশ পাঠানো হয়। দুর্বৃত্তদের গ্রেপ্তারে রাত থেকে অভিযান শুরু হয়েছে।
খুলনার পুলিশ সুপার মোহাম্মাদ তাজুল ইসলাম জানান, আসামি গ্রেপ্তারে অনেক রাত পর্যন্ত কাজ করেছে পুলিশ। হামলাকারীদের একজনকে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেপ্তার করতে পারলে হামলার কারণ জানা যাবে।


