স্বাধীনতার মাধ্যমে জাতি হিসেবে স্বীকৃতি পেলেও প্রত্যাশিত উন্নয়ন এখনো অপূর্ণ রয়ে গেছে বলে মন্তব্য করেছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার রাজধানীর নতুন বাজার এলাকায় যুব নেতৃত্ব ও উন্নয়ন সংগঠন জেসিআই কার্নিভালে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
দেশের অর্থনৈতিক সূচক নিয়েও হতাশা প্রকাশ করে এলজিআরডি মন্ত্রী বলেন, ‘মাথাপিছু আয় ও জিডিপি এখনো কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি। প্রায় ৪২ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করছে এবং উল্লেখযোগ্য অংশ এখনো শিক্ষার অধিকার থেকে বঞ্চিত।’
এ সময় তরুণদের মধ্যে উল্লেখযোগ্য একটি অংশের নিজ উদ্যোগে ব্যবসা ও কৃষিভিত্তিক খামার প্রতিষ্ঠাকে দেশের জন্য ইতিবাচক পরিবর্তন হিসেবে উল্লেখ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘তরুণদের একটি বিরাট অংশ স্ব-উদ্যোগে বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক হচ্ছে, কৃষি খামার দিচ্ছে। তা অবশ্যই ইতিবাচক। তরুণদের জন্য কাজ করছে জেসিআই, যা প্রশংসনীয়।’
তিনি আরও বলেন, ‘বড় কিছু করতে হলে স্বপ্ন দেখতে হয়, যে নতুন স্বপ্ন দেখেছিলেন জিয়াউর রহমান। আমিও স্বপ্ন দেখি যে, আমরা পারব। আমি আশাবাদী মানুষ। এই দেশটা আমাদের। আমাদের কেউ ভালো করে দিয়ে যাবে না।’ তাই দেশের অর্থনৈতিক উন্নয়নে সবাইকে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব।


