গত কয়েক দিনের তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ার পর চট্টগ্রামে স্বস্তির বৃষ্টি হয়েছে। শনিবার রাত থেকে শুরু হওয়া মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতে তাপমাত্রা কমে এসেছে এবং নগরবাসীর জনজীবনে ফিরেছে স্বস্তি।
শনিবার রাত দেড়টার দিকে মুষলধারে বৃষ্টি শুরু হয়। এর প্রভাব রোববার সকাল পর্যন্ত অব্যাহত ছিল। মেঘলা আকাশ ও থেমে থেমে ঝিরিঝিরি বৃষ্টিতে নগরজুড়ে সৃষ্টি হয় প্রশান্ত পরিবেশ। দীর্ঘদিনের দাবদাহে অতিষ্ঠ মানুষ বৃষ্টির কারণে কিছুটা স্বস্তি অনুভব করেন।
পতেঙ্গা আবহাওয়া অফিসের তথ্যমতে, রোববার সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৪১ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই বৃষ্টির ফলে রাত থেকেই তাপমাত্রা কমতে শুরু করে এবং গরমের তীব্রতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়।
আবহাওয়াবিদ মাহমুদুল আলম জানান, বৃষ্টিপাতের কারণে দিনের তাপমাত্রা কিছুটা কমেছে। আগামী ২৪ ঘণ্টায়ও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে গরমের অনুভূতি আরও কমে আসতে পারে।
তিনি আরও জানান, রোববার চট্টগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস।
নগরীর কাজির দেউড়ি এলাকায় রিকশাচালক মো. জয়নাল বলেন, ‘কয়েক দিন ধরে প্রচণ্ড গরমে রিকশা চালাতে খুব কষ্ট হচ্ছিল। বৃষ্টির পর আবহাওয়া ঠান্ডা হয়েছে, এখন অনেকটা স্বস্তি লাগছে।’
এদিকে নগরীর কোথাও জলযটের খবর পাওয়া যায়নি। আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে আগামী কয়েক দিন চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।


