অনুমোদনহীন এজেন্সি, গ্রুপ বা কাফেলার মাধ্যমে পরিচালিত হজ কার্যক্রমের প্রচারণা সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
বৃহস্পতিবার মন্ত্রণালয়ের হজ-৩ শাখা থেকে এ সংক্রান্ত একটি পত্র জারি করা হয়।
পত্রে হজে গমনেচ্ছু ব্যক্তি ও সর্বসাধারণের দৃষ্টি আকর্ষণ করে বলা হয়, অনুমোদনবিহীন কিছু এজেন্সি, গ্রুপ বা কাফেলা ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে আকর্ষণীয় হজ প্যাকেজের বিজ্ঞাপন দিয়ে হজযাত্রীদের প্রলুব্ধ করার চেষ্টা করছে।
মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়েছে, সরকার অনুমোদিত বৈধ লাইসেন্সধারী ও তালিকাভুক্ত হজ এজেন্সি ছাড়া অন্য কোনো এজেন্সি, এজেন্ট, গ্রুপ বা কাফেলার হজ কার্যক্রম পরিচালনার সুযোগ নেই। ফলে এসব প্রতিষ্ঠানের মাধ্যমে হজে গমনও সম্ভব নয়।
এ অবস্থায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের তালিকাভুক্ত যোগ্য হজ এজেন্সি ছাড়া অন্য কোনো এজেন্সি, ট্রাভেল এজেন্ট, গ্রুপ বা কাফেলার সঙ্গে হজ-সংক্রান্ত কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
পত্রে আরও উল্লেখ করা হয়, ২০২৭ সালের হজ প্যাকেজ ও গাইডলাইন শিগগিরই ঘোষণা করা হবে। সংশ্লিষ্টদের প্রকাশিত সরকারি হজ প্যাকেজ ও গাইডলাইন অনুসরণ করে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়।
ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, হজ পালনের ক্ষেত্রে প্রতারণা ও ভোগান্তি এড়াতে অনুমোদিত হজ এজেন্সির মাধ্যমে নিবন্ধন ও আর্থিক লেনদেন নিশ্চিত করা জরুরি।


