ঠাকুরগাঁও জেলার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার সকালে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি এ কথা জানান।
মির্জা ফখরুল বলেন , ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে জেলার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করা হবে।
তিনি জানান, জেলার মানুষের জন্য মানসম্মত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। মেডিকেল কলেজ স্থাপনের প্রক্রিয়া এগিয়ে নিতে হাসপাতালের অবকাঠামো সম্প্রসারণ ও শয্যা সংখ্যা বৃদ্ধি অপরিহার্য বলেও তিনি উল্লেখ করেন।
একই সঙ্গে হাসপাতাল পরিচ্ছন্ন রাখা, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম বৃদ্ধি এবং সেবার মান উন্নয়নে যা যা দরকার, তত্ত্বাবধায়ক কর্তৃপক্ষ চাহিদাপত্র পাঠালে তা দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে জানান তিনি। এ ছাড়া রোগী ও স্বজনদের চলাচল সহজ করতে একটি লিফট স্থাপনের বিষয়েও জেলা প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।


