ভূমিকম্পের সম্ভাব্য ঝুঁকি ও ক্ষয়ক্ষতি কমাতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) চিহ্নিত নগরীর ১০৩টি ঝুঁকিপূর্ণ ভবন অপসারণ করতে একটি কমিটি গঠন করেছে সিটি করপোরেশন।
সোমবার শহরের টাইগারপাসের চসিক কার্যালয়ে অনুষ্ঠিত সভায় ঝুঁকিপূর্ণ ভবন অপসারণ, নতুন ঝুঁকি শনাক্তকরণ, জনসচেতনতা বৃদ্ধি এবং জরুরি ব্যবস্থাপনা শক্তিশালী করার বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সিডিএ চিহ্নিত ১০৩টি ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত অপসারণ এবং অতিরিক্ত ঝুঁকিপূর্ণ ভবন শনাক্তের লক্ষ্যে চসিকের আইন কর্মকর্তাকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়।
কমিটিতে চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেটকে সদস্য সচিব এবং সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, নির্বাহী প্রকৌশলী ও একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সদস্য হিসেবে রাখা হয়েছে।
কমিটি দ্রুত আইনগত ব্যবস্থা নিয়ে ভবন অপসারণ কার্যক্রম চালাবে।
চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব আশরাফুল আমিন সভায় বলেন, ‘জনগণের জীবনের নিরাপত্তাই আমাদের প্রথম অগ্রাধিকার। ঝুঁকিপূর্ণ ভবন অপসারণ থেকে শুরু করে জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা বৃদ্ধি; সবই আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাস্তবায়ন করছি।’
সভায় প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, আইন কর্মকর্তা মহিউদ্দিন মুরাদ, স্পেশাল ম্যাজিস্ট্রেট মো. সোয়েব উদ্দিন খান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ প্রকৌশলী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


