নাফ নদী থেকে ৭ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

নাফ নদী থেকে ৭ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
সমুদ্রে মাছ ধরার নৌকা। ছবি: টাইমস
Advertisement
Advertisement

কক্সবাজারের টেকনাফ সীমান্ত সংলগ্ন নাফ নদীর মোহনা থেকে দুটি নৌকা ও সাতজন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।

বৃহস্পতিবার বেলা ২টার দিকে সাবরাং ইউনিয়নের নয়াপাড়া ও শাহপরীর দ্বীপ সংলগ্ন এলাকা থেকে তাদের অপহরণ করা হয়।

অপরনের শিকার জেলেরা হলেন সাবরাং নয়াপাড়ার আব্দুর রহমান, আবদুল মতলব, গুরা মিয়া ও মো. হাসান। এ ছাড়া শাহপরীর দ্বীপ ডেইল পাড়ার আহমদ আলী, নুরুল আবসার ও আবদুর রহিম।

সাবরাং ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আবুল ফয়েজ তথ্যটি নিশ্চিত করে টাইমস অব বাংলাদেশকে জানান, সকালে তারা নদীতে মাছ ধরতে গিয়েছিলেন। কাজ শেষে ফেরার পথে বেলা ২টার দিকে আরাকান আর্মির সদস্যরা তাদের গতিরোধ করে মিয়ানমারের ভেতরে ধরে নিয়ে যায়।

আরও পড়ুন

একটি নৌকার মালিক আব্দুস শুক্কুর জানান, তার নৌকা নিয়ে চারজন জেলে মাছ শিকারে গিয়েছিলেন। ফেরার পথে তাদের অপহরণ করা হয়। অপহৃতরা সবাই অত্যন্ত দরিদ্র এবং মাছ ধরে তাদের সংসার চলে।

অপহৃত জেলে আহমদ আলীর স্ত্রী মুন্নি আক্তার আর্তনাদ করে বলেন, ‘আমার স্বামীসহ তিনজনকে ধরে নিয়ে গেছে। আমরা খুব গরিব মানুষ। মাছ ধরতে পারলে পেটে ভাত জোটে, নয়তো উপোস থাকতে হয়। স্বামী ফিরে না আসলে আমাদের না খেয়ে মরতে হবে।’

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া জানান, জেলেদের ধরে নিয়ে যাওয়ার বিষয়টি তিনি শুনেছেন। বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য স্থানীয় বিওপি কমান্ডারকে নির্দেশ দেওয়া হয়েছে। তথ্য পাওয়ার পর তাদের ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হবে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমামুল হাফিজ বলেন, ‘জেলেদের অপহরণের খবর পেয়েছি। তাদের নিরাপদে ফিরিয়ে আনতে বিজিবি ও কোস্ট গার্ডের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ চলছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad