মেয়াদোত্তীর্ণ বা মেয়াদ শেষের পথে থাকা সব ধরনের এন্ট্রি ভিসার মেয়াদ এক মাস বাড়ানোর ঘোষণা দিয়েছে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বিমান চলাচলে সৃষ্ট সংকট বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, গত ২৮ ফেব্রুয়ারি থেকে সিদ্ধান্তটি কার্যকর হয়েছে। যেসব ভিসার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে বা শেষ হওয়ার পথে, সেগুলোর মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে ইলেকট্রনিক পদ্ধতিতে বাড়ানো হবে। এজন্য সংশ্লিষ্ট দপ্তরে যাওয়ার প্রয়োজন নেই। কোনো অতিরিক্ত আবেদন বা ফি লাগবে না। সম্পূর্ণ বিনামূল্যে এ সেবা দেওয়া হবে।
তবে ২৮ ফেব্রুয়ারির আগে যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে এবং যারা আইন ভঙ্গ করেছেন, তাদের নিয়ম অনুযায়ী জরিমানা দিতে হবে বলে স্পষ্ট করেছে মন্ত্রণালয়।
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে কাতারগামী অনেক বাংলাদেশি প্রবাসী দেশে আটকা পড়েছেন। সময়মতো ফ্লাইট ধরতে না পারায় অনেকের ভিসার মেয়াদ শেষ হওয়ার ঝুঁকি তৈরি হয়েছিল। কাতারের এই সিদ্ধান্তে তাদের জন্য বড় ধরনের স্বস্তি।


