মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির কারণে একাধিক দেশের আকাশসীমা বন্ধ থাকায় ১৩ দিনে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিভিন্ন এয়ারলাইন্সের মোট ৪৪৭টি ফ্লাইট বাতিল হয়েছে।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, ২৮ ফেব্রুয়ারি থেকে বৃহস্পতিবার পর্যন্ত ধাপে ধাপে এসব ফ্লাইট বাতিল করা হয়েছে।
তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি, ৯ মার্চ ৩৩টি, ১০ মার্চ ৩২টি, ১১ মার্চ ২৭টি এবং ১২ মার্চ ২৮টি ফ্লাইট বাতিল হয়। ১৩ মার্চ রাত ১২টার পরও আরও ২৪টি ফ্লাইট বাতিলের তথ্য পাওয়া গেছে।
এর মধ্যে কুয়েত এয়ারওয়েজের ৪টি, এয়ার অ্যারাবিয়ার ২টি, গালফ এয়ারের ২টি, কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটস এয়ারলাইনসের ৪টি, জাজিরা এয়ারওয়েজের ৪টি এবং ফ্লাইদুবাইয়ের ৪টি ফ্লাইট রয়েছে।
এদিকে, মধ্যপ্রাচ্যগামী কিছু ফ্লাইট সীমিত আকারে চালু রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিমানবন্দর সূত্র জানায়, ২৮ ফেব্রুয়ারি থেকে বৃহস্পতিবার (১৩ মার্চ) পর্যন্ত ওমানের মাস্কাট, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতগামী মোট ৪৪৮টি ফ্লাইট পরিচালিত রয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, বৃহস্পতিবার সর্বোচ্চ ৪৮টি ফ্লাইট পরিচালিত হয়েছে।
শুক্রবার মাস্কাটগামী ৩টি, সৌদি আরবগামী ১৫টি এবং সংযুক্ত আরব আমিরাতগামী ১৯টি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে।
মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট সূচিতে পরিবর্তন হতে পারে বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


