দেশের পাঁচ জেলায় পৃথক সড়ক ও রেল দুর্ঘটনায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিভিন্ন সময়ে বাগেরহাট, কক্সবাজার, মানিকগঞ্জ, চট্টগ্রাম ও সিরাজগঞ্জে এসব দুর্ঘটনা ঘটে।
বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে ১৪ জন নিহত
বাগেরহাটের মোংলা-খুলনা মহাসড়কের বেলাই ব্রিজ এলাকায় বাংলাদেশ নৌবাহিনীর একটি বাস ও যাত্রীবাহী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একই পরিবারের ১১ জন রয়েছেন। তারা হলেন মোংলা পৌর বিএনপির ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি আবদুর রাজ্জাক, তার চার ছেলে, তিন পুত্রবধূ (একজন নববধূ), তিন নাতি-নাতনি। এ ছাড়া মাইক্রোবাসের চালক ও নববধূর এক আত্মীয়ও নিহত হয়েছেন। একজনের পরিচয় এখনো শনাক্ত হয়নি।
জানা গেছে, আবদুর রাজ্জাকের ছোট ছেলে সাব্বিরের বৌ আনতে পরিবারের সদস্যরা বুধবার খুলনার কয়রা উপজেলায় যান। সেখানে রাতযাপন শেষে বৃহস্পতিবার নতুন বৌ নিয়ে মোংলায় ফেরার পথে বেলাই ব্রিজ এলাকায় পৌঁছালে দুর্ঘটনাটি ঘটে।
কাটাখালী হাইওয়ে থানার ওসি মো. জাফর আহমেদ জানান, নৌবাহিনীর বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই কয়েকজন নিহত হন। আহতদের বিভিন্ন হাসপাতালে নেওয়ার পর আরও কয়েকজন মারা যান।
রামুতে মিনিট্রাক-অটোরিকশা সংঘর্ষে ২ শিশু নিহত
কক্সবাজারের রামু উপজেলায় মিনিট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই শিশু নিহত হয়েছে। এ ঘটনায় চালকসহ তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের মির্জা আলীর দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো উখিয়া উপজেলার পালংখালী এলাকার ফরিদুল ইসলামের মেয়ে বুসরা (৭) ও নুরুল আলমের মেয়ে জান্নাতুল মাওয়া মনি (১৪)। দুর্ঘটনায় আহতদের স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যান। পরে গুরুতর আহত জান্নাতুল মাওয়া মনিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মৃত্যু
মানিকগঞ্জের শিবালয় উপজেলার বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ঢাকার দক্ষিণখান এলাকার বাসিন্দা মোনায়েম খান (৪০) ও তার স্ত্রী জোসনা আক্তার। দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মোনায়েম খান মারা যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জোসনা আক্তারেরও মৃত্যু হয়।
মিরসরাইয়ে ড্রামট্রাকের ধাক্কায় যুবদল নেতা নিহত
চট্টগ্রামের মিরসরাইয়ে ড্রামট্রাকের ধাক্কায় কামাল উদ্দিন (৪২) নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন। তিনি মিরসরাই উপজেলা যুবদলের আহ্বায়ক ছিলেন।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিরাজগঞ্জে ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই খালাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-ঈশ্বরদী রেলপথের ঘাটিনা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া গ্রামের ফয়সাল আহম্মেদ (২০) এবং তার খালাতো ভাই আলফে সানি (১৮)। পুলিশ জানায়, তারা ব্রিজের ওপর ঘোরাঘুরি করার সময় ঢাকা থেকে ছেড়ে আসা রংপুর এক্সপ্রেস ট্রেন তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই একজন মারা যান এবং অন্যজন হাসপাতালে নেওয়ার পর মারা যান।


