রাজধানীর সবুজবাগে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের ধারণা, দুই থেকে তিন দিন আগে ওই নারীকে হত্যা করে মরদেহ খণ্ডিত করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সবুজবাগের কালভার্ট ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করে সবুজবাগ থানা পুলিশ।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘সকাল ৯টার দিকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের মাথা ও দুই হাত পাওয়া গেছে। বাকি অংশ এখনো উদ্ধার হয়নি। খণ্ডিত মরদেহ দেখে ধারণা করা হচ্ছে, এটি একজন নারীর। প্রাথমিকভাবে ধারণা করছি, দুই থেকে তিন দিন আগে তাকে হত্যা করা হয়েছে।’
তিনি বলেন, নিহত নারীর পরিচয় এখনো জানা যায়নি। বিশেষজ্ঞ দলকে ঘটনাস্থলে ডাকা হয়েছে। হাতের আঙুলের ছাপ নিয়ে পরিচয় শনাক্তের চেষ্টা করা হবে। এ ঘটনায় আইনগত কার্যক্রম চলছে।


