ফেনীর পথে প্রধানমন্ত্রী

ফেনীর পথে প্রধানমন্ত্রী
Advertisement
Advertisement

ফেনী সফরে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার  সকালে ৮টা ৪০ মিনিটে গুলশানের বাসা থেকে সড়কপথে পরশুরামের উদ্দেশে রওনা হন তিনি।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর ফেনীতে এটিই তারেক রহমানের প্রথম সফর।

সফর সূচি অনুযায়ী, দুপুর সাড়ে ১২টার দিকে তারেক রহমান পরশুরামের খেয়াঘাট মুহুরী ব্রিজ এলাকায় মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন প্রকল্পের (১ম পর্যায়) উদ্বোধন করবেন।

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) গত ১৬ জুন এক হাজার ৫৪২দশমিক ১৬ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পটির বাস্তবায়নের অনুমোদন দেয়। এই প্রকল্পের আওতায় ৬৭দশমিক ৯২ কিলোমিটার বাঁধ পুনর্বাসন, ১১ দশমিক ৭৩ কিলোমিটার নদী তীর সংরক্ষণ এবং ৮৩ দশমিক ৫০ কিলোমিটার নদী ও জলাশয় পুনঃখনন করা হবে।

এছাড়া ২৭টি সেচ অবকাঠামো পুনর্বাসন এবং ৭৭টি ইনলেট নির্মাণ করা হবে। ২০৩০ সালের মধ্যে প্রকল্পটি শেষ হওয়ার কথা রয়েছে। পরবর্তী ধাপে মুহুরী ও কহুয়া নদী বরাবর নতুন বাঁধ নির্মাণ এবং সিলোনিয়া নদী বরাবর বাঁধ নির্মাণ, খনন ও পুনর্বাসনের পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন

এরপর প্রধানমন্ত্রী ফুলগাজীতে যাবেন এবং দুপুর ১ টা ৩০ মিনিটে বেগম খালেদা জিয়া মহিলা কলেজে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। এরপর তিনি ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলো পরিদর্শন করবেন। সেখানে তিনি ওই স্থাপনায় স্থাপিত ছাদ-ভিত্তিক (রফটপ) সৌর বিদ্যুৎ ব্যবস্থা থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের উদ্বোধন করবেন।

ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার সরকারি ভবনগুলোতে মোট ৯৬২ দশমিক ৫ কিলোওয়াট ক্ষমতার সৌর বিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা হয়েছে। এর মধ্যে ছাগলনাইয়ায় ৪১৫ কিলোওয়াট, পরশুরামে ২৯৮ কিলোওয়াট এবং ফুলগাজীতে ২৪৯ কিলোওয়াট বিদ্যুৎ ব্যবস্থা রয়েছে।

বিকেল ৩টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে তিনি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের কর্মীদের সম্মানী ভাতা বিতরণ করবেন।

ফুলগাজীতে মোট ৫১০ জন ফ্যামিলি কার্ড এবং পুরো জেলাজুড়ে সাত হাজার ৬৪৩ জন কৃষক কার্ড পাবেন। এছাড়া ফুলগাজীর ২৩৮ জন ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও পুরোহিতকে সম্মানী প্রদান করা হবে। অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রীর একটি জনসভায় বক্তব্য দেওয়ারও কথা রয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফর ঘিরে এরইমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পুরো জেলায় বইছে উৎসবের আমেজ।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, কঠোর নিরাপত্তার মধ্যে সভাস্থলকে তিনটি জোনে ভাগ করা হচ্ছে। প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিতে দুই হাজারের বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মাঠে থাকবেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad