মরণব্যাধি বোনম্যারো ক্যানসারে আক্রান্ত মোহাম্মদ সুমনের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছেন বিএনপির চেয়ারম্যান এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার বিকালে রাজধানীর রূপনগর থানার ইস্টার্ন হাউজিং সংলগ্ন এলাকায় সুমনের বাসায় যান ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধিদল। কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে প্রতিনিধিদলটি সুমনের সঙ্গে সাক্ষাৎ করে।
এ সময় তারা সুমনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন। একই সঙ্গে তার চিকিৎসার জন্য আর্থিক সহায়তাও দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মুস্তাকিম বিল্লাহ, রুবেল আমিন, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল ফকির, মশিউর রহমান মহান এবং ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য আব্দুল্লাহ আল মিসবাহসহ অন্যরা।
উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি পল্লবীতে এক নির্বাচনী পথসভায় ক্যানসার আক্রান্ত মোহাম্মদ সুমন তার চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে সহায়তা চেয়েছিলেন। এর প্রেক্ষিতে ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধিদল তার চিকিৎসার জন্য সহায়তা প্রদান করে। সুমনের চিকিৎসার জন্য প্রায় ২০ লাখ টাকা প্রয়োজন বলে জানা গেছে।


