মন্ত্রিসভা সম্প্রসারণের পাশাপাশি গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্বে পরিবর্তন আনা হচ্ছে। মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তার তথ্য অনুযায়ী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন। আর বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থকে দেওয়া হচ্ছে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব।
শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে নতুন মন্ত্রীদের শপথ অনুষ্ঠানের আগে মন্ত্রণালয়গুলোর দায়িত্ব পুনর্বণ্টনের এই তথ্য জানা গেছে।
মন্ত্রিপরিষদ বিভাগের ওই কর্মকর্তা জানান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত একই মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হচ্ছেন। বাদ পড়ছেন আফরোজা খানম। তবে তাকে অন্য একটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। অন্যদিকে বর্তমান তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা করা হচ্ছে।
এ ছাড়া পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে সাচিং প্রু জেরীকে। ফলে মন্ত্রিসভা সম্প্রসারণের সঙ্গে সঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে নেতৃত্বেও পরিবর্তন আসছে।
এর আগে নতুন করে পাঁচজনের মন্ত্রিসভায় যোগ দেওয়ার সম্ভাবনার কথা জানা যায়। সম্ভাব্য নতুন সদস্যদের মধ্যে আর রয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ও গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন। ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেতে যাচ্ছেন লিংকন।
তারা ইতোমধ্যে বঙ্গভবনে পৌঁছে শপথগ্রহণের জন্য নির্ধারিত আসনে অবস্থান করছেন।


