অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে চলতি অর্থবছরে শিক্ষা খাতে ইতিহাসের সর্ববৃহৎ বাজেট দেওয়া হয়েছে এবং বিএনপি সরকার এই বাজেট সফলভাবে বাস্তবায়ন করছে।
শুক্রবার ঢাকার সাভারের বিরুলিয়ায় অবস্থিত ব্র্যাক সিডিএমে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) উদ্যোগে দেশের উপাচার্যদের নিয়ে আয়োজিত দুই দিনব্যাপী জাতীয় পর্যায়ের নীতি-নির্ধারণী সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ইউজিসি কর্তৃক বাস্তবায়নাধীন ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্র্যান্সফরমেশন’ (হিট) প্রকল্পের আওতায় এই সংলাপের আয়োজন করা হয়।
মন্ত্রী বলেন, ‘বাংলাদেশে শিক্ষার যে অগ্রগতি হয়েছে, সেখান থেকে আমাদের আরও উন্নত ভবিষ্যতের দিকে যেতে হবে। আমরা প্রথাগত শিক্ষার প্রতিবন্ধকতা কাটিয়ে ‘রিয়েল লাইফ’ ও চাহিদাভিত্তিক শিক্ষার ওপর জোর দিচ্ছি। আমাদের উদ্দেশ্য এমন এক মানসম্মত শিক্ষা নিশ্চিত করা, যাতে শিক্ষার্থীরা আন্তর্জাতিক পর্যায়ে ক্রেডিট ট্রান্সফার করতে পারে এবং দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়েন সরাসরি ভূমিকা রাখতে পারে।’
তিনি আরও বলেন, বৈশ্বিক প্রতিযোগিতা, শ্রমবাজারের নতুন চাহিদা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো প্রযুক্তির দ্রুত বিকাশের মুখোমুখি দাঁড়িয়ে আছে দেশের উচ্চশিক্ষা। তাই বিশ্ববিদ্যালয়গুলোকে আরও উদ্ভাবনী, জবাবদিহিমূলক, সুশাসিত এবং বর্তমান যুগের উপযোগী দক্ষ গ্র্যাজুয়েট তৈরিতে সক্ষম প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন এবং ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ।
সংলাপে দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৬০ জন উপাচার্য ছাড়াও জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা, দেশি-বিদেশি শিক্ষাবিদ ও বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন।


