ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে রাজধানীর বুড়িগঙ্গা নদীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকাবাইচ। শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে নদীর খোলামোড়া ঘাট থেকে শুরু হয়ে নৌকাবাইচটি সোয়ারী ঘাটে গিয়ে শেষ হয়। নৌকাবাইচ দেখতে নদীর দুই তীরে ভিড় করেন স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীরা।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে আয়োজিত এ নৌকাবাইচে নানা সাজে সজ্জিত নৌকা নিয়ে প্রতিযোগিতায় অংশ নেন প্রতিযোগীরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী মো. ইশরাক হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ।
প্রতিযোগিতায় ছয়টি দলের নৌকা অংশগ্রহণ করে। নৌকাবাইচে প্রথম স্থান অধিকার করে হামিদুর রহমান হামিদের দল। দ্বিতীয় হয় মোশাররফ হোসেন খোকনের দল এবং তৃতীয় স্থান অর্জন করে আনিসুর রহমান তালুকদার খোকনের দল।
বাইচ শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ বলেন, ঢাকার আসল রূপ তার শতবর্ষের ঐতিহ্য ও কৃষ্টির মধ্যে নিহিত। যান্ত্রিকতার ভিড়েও লোকজ সংস্কৃতি হারিয়ে যায়নি, আজকের নৌকাবাইচ তারই প্রমাণ।
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী মো. ইশরাক হোসেন ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ঢাকার ঐতিহ্যকে বিশ্বদরবারে তুলে ধরার ওপর গুরুত্ব দেন।
তারা বলেন, পুরো ঢাকা শহরের সংস্কৃতি, ভাষা ও উৎসব বিশ্বব্যাপী অনন্য মর্যাদা বহন করে। ভবিষ্যতে আরও বড় পরিসরে ও সুশৃঙ্খলভাবে এ আয়োজন অব্যাহত রেখে ঢাকার ঐতিহ্যকে বিশ্বমঞ্চে তুলে ধরতে হবে। সম্মিলিত প্রচেষ্টায় ঢাকার পুরোনো ঐতিহ্য ও প্রাণচাঞ্চল্য নতুনভাবে ফিরে আসবে।
সভাপতির বক্তব্যে ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম সুস্থ সংস্কৃতির চর্চা ও পরিবেশ রক্ষার আহ্বান জানান।
তিনি বলেন, ‘বুড়িগঙ্গাকে দূষণমুক্ত রেখে ঢাকাকে আরও পরিচ্ছন্ন ও বাসযোগ্য করে তুলতে হবে। নদী ও পরিবেশ বাঁচলে তবেই লোকজ ঐতিহ্যগুলো আগামী প্রজন্মের জন্য টিকে থাকবে।’


