ঢাকার বুড়িগঙ্গা নদী তীরবর্তী সোয়ারী ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড।
শুক্রবার সকালে কোস্ট গার্ড স্টেশন পাগলা এই বিশেষ অভিযান পরিচালনা করে। বিকালে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৫টার দিকে সোয়ারী ঘাট সংলগ্ন এলাকায় তিনটি সন্দেহজনক ভ্যানে তল্লাশি চালানো হয়। এ সময় আনুমানিক ২৮ লাখ ৫০ হাজার টাকা মূল্যের প্রায় ১ হাজার ৯০০ কেজি অবৈধ ও পরিবেশবান্ধব নয় এমন পলিথিন জব্দ করা হয়। তবে অভিযানের টের পেয়ে জড়িতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দ করা পলিথিনের বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। নদী ও পরিবেশের সুরক্ষায় কোস্ট গার্ডের এমন অভিযান ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


