গণভোট ও ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগের দিনও দেশে সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার।
সোমবার এক প্রজ্ঞাপনে ভোটের দিনের পাশাপাশি ভোটের আগের দিন ছুটি ঘোষণার কথা জানায় জনপ্রশাসন মন্ত্রণালয়।
সে হিসেবে যেসব প্রতিষ্ঠানে শুক্র-শনিবার ছুটি সেগুলোর কর্মীরা পাচ্ছেন টানা চারদিনের ছুটি।
এছাড়া দেশের শিল্পাঞ্চলগুলোর শ্রমিক ও কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে শুক্র-শনিবার বাদ দিলেও এসব শিল্পাঞ্চলের শ্রমিকরা টানা তিন দিন ছুটি পাবেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি, বুধ ও বৃহস্পতিবার সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত কর্মকর্তা–কর্মচারী এবং সরকারি, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা–কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে নির্বাচনকালীন নির্বাহী আদেশে সরকারি ছুটি এবং শিল্পাঞ্চলের শ্রমিক, কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারি ২০২৬, মঙ্গলবার বিশেষ ছুটি ঘোষণা করা হলো।’
তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।


