পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী ২৪ ডিসেম্বর হচ্ছে না রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচন।
বুধবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন ব্রাকসুর প্রধান নির্বাচন কমিশনার ড. মো. শাহজামান।
তিনি বলেন, ‘ত্রুটি বিচ্যুতি ঠিক করে প্রশাসন থেকে হালনাগাদ ভোটার তালিকা না দেওয়ার কারণে পূর্ব নির্ধারিত ২৪ ডিসেম্বর নির্বাচন করা সম্ভব নয়। শিক্ষার্থীদের সঙ্গে বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করেছি। তারাও সম্মত হয়েছেন।’
ভোটার তালিকা সঠিক না থাকার কারণে নির্বাচনী কার্যকম অঘোষিতভাবে বন্ধ রাখা হয়েছে জানিয়ে নির্বাচন কমিশনার বলেন, ‘ঘোষণা দিলে যেহেতু প্রশাসন চাপে পড়ে সেজন্য আমরা ঘোষণা না দিয়ে বন্ধ রেখেছি।’
অন্যদিকে নির্বাচনী কার্যক্রম বন্ধ রাখার প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে শিক্ষার্থী পরিষদের প্যানেল।
পরিষদের ভিপি প্রার্থী আহমেদুল আলবির বলেন, ‘একটি গোষ্ঠিকে সুবিধা দিতেই প্রশাসন ও এই নির্বাচন কমিশন এই নাটক করছে। এই নাটকের অবসান চাই। সঠিক সময়ে নির্বাচন চাই। নির্বাচন বানচালের সঙ্গে জড়িত ভিসিসহ উর্ধ্বতন কর্মকর্তাদের পদত্যাগ চাই।’
বর্তমান প্রশাসনের অনেক কর্মকর্তাই জুলাই আকাংখার বিপরীতে তাদের কার্যক্রম চালাচ্ছেন অভিযোগ করে তিনি বলেন, ‘তারা ব্রাকসুকে ভয় পায়। কারণ তারা আর অপকর্ম করতে পারবে না। জুলাই বিপ্লবের বিরোধীতাকারী শিক্ষকসহ অন্যরা রক্ষা পাবে না। সেকারণেই তারা ব্রাকসু নিয়ে বিপরীতমুখী অবস্থান নিয়েছেন। দ্রুত সব জটিলতা দূর করে নির্বাচনের ব্যবস্থা না করলে না করলে আমরা কঠোর আন্দোলনে যাব।’
সার্বিক বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এম শওকাত আলী বলেন, ‘নির্বাচনটা কমিশনের এখতিয়ারভুক্ত। ভোটার তালিকায় যদি কোনো ভুল থাকে সেটা আমরা সংশোধন করে দেব। তাই বলে নির্বাচন র্কাযক্রম বন্ধ রাখা সমীচীন নয় বলে আমি মনে করি।’


