বৈশ্বিক পাসপোর্ট সূচকে শেষ দশে বাংলাদেশ

বৈশ্বিক পাসপোর্ট সূচকে শেষ দশে বাংলাদেশ
Advertisement
Advertisement

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী পাসপোর্টের বৈশ্বিক র‌্যাংকিং হেনলি পাসপোর্ট ইনডেক্স ২০২৬-এ তিন ধাপ এগিয়েছে বাংলাদেশের অবস্থান। তবে উন্নতি হলেও বিশ্বের সবচেয়ে দুর্বল পাসপোর্টগুলোর তালিকাতেই রয়েছে বাংলাদেশ। সর্বশেষ সূচকে ১৯৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৯৭তম।

বাংলাদেশ ও উত্তর কোরিয়ার অবস্থা সমান। এর নিচে রয়েছে কেবল নেপাল, সোমালিয়া, ইয়েমেন, পাকিস্তান, ইরাক, সিরিয়া ও আফগানিস্তান। আফগানিস্তান তালিকার সর্বশেষ অবস্থানে রয়েছে।

মঙ্গলবার যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত সূচকে এ তথ্য জানানো হয়।

সূচক অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়াই বা ভিসা অন অ্যারাইভাল সুবিধায় বিশ্বের ৩৫টি দেশ ও অঞ্চলে ভ্রমণ করতে পারেন। এসব দেশের বেশিরভাগই এশিয়া ও আফ্রিকার।

হেনলি পাসপোর্ট ইনডেক্সে বিশ্বের ১৯৯টি পাসপোর্টকে ২২৭টি গন্তব্যে আগাম ভিসা ছাড়াই অথবা ভিসা অন অ্যারাইভাল সুবিধায় প্রবেশের সুযোগের ভিত্তিতে মূল্যায়ন করা হয়। সূচকটি আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থার টিম্যাটিক ডেটাবেসের তথ্যের ওপর ভিত্তি করে প্রস্তুত করা হয়েছে।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে মালদ্বীপের পাসপোর্ট সবচেয়ে শক্তিশালী। দেশটি ৫২তম স্থানে রয়েছে এবং তাদের নাগরিকরা ৯৩টি গন্তব্যে আগাম ভিসা ছাড়াই বা ভিসা অন অ্যারাইভাল সুবিধায় যেতে পারেন।

ভারত রয়েছে ৮১তম স্থানে, যেখানে ভারতীয় পাসপোর্টধারীরা ৫৫টি গন্তব্যে একই সুবিধা পান। শ্রীলঙ্কার অবস্থান ৯৪তম, তাদের নাগরিকরা ৩৯টি গন্তব্যে আগাম ভিসা ছাড়াই বা ভিসা অন অ্যারাইভাল সুবিধায় ভ্রমণ করতে পারেন।

আরও পড়ুন

বাংলাদেশ ৯৭তম স্থানে থেকে ৩৫টি গন্তব্যে প্রবেশাধিকার পেয়েছে। বাংলাদেশের পরেই রয়েছে নেপাল (৯৮তম) এবং পাকিস্তান (১০১তম)।

আফগানিস্তানের পাসপোর্টধারীরা মাত্র ২২টি গন্তব্যে আগাম ভিসা ছাড়া বা ভিসা অন অ্যারাইভাল সুবিধায় যেতে পারেন, যা এটিকে বিশ্বের সবচেয়ে দুর্বল পাসপোর্টে পরিণত করেছে।

ছবি: সংগৃহীত

সূচকে টানা শীর্ষ অবস্থান ধরে রেখেছে সিঙ্গাপুর। দেশটির নাগরিকরা আগাম ভিসা ছাড়াই ১৯২টি গন্তব্যে ভ্রমণ করতে পারেন।

জাপান, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাত যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছে। এসব দেশের নাগরিকরা ১৮৮টি গন্তব্যে ভিসামুক্ত বা ভিসা অন অ্যারাইভাল সুবিধা পান।

১৮৭টি গন্তব্যে প্রবেশাধিকার নিয়ে তৃতীয় স্থানে রয়েছে সুইডেন।

এ ছাড়া ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন, ডেনমার্ক ও নেদারল্যান্ডসসহ ইউরোপের ১১টি দেশ যৌথভাবে চতুর্থ স্থানে রয়েছে। এসব দেশের নাগরিকরা ১৮৬টি গন্তব্যে আগাম ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন।

সূচকের ২০ বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত প্রতিবেদনে হেনলি অ্যান্ড পার্টনার্স জানিয়েছে, ২০০৬ সালে সূচক চালুর সময় একটি পাসপোর্টে গড়ে ৫৮টি গন্তব্যে ভিসামুক্ত ভ্রমণের সুযোগ ছিল। বর্তমানে সেই সংখ্যা বেড়ে ১০৮-এ পৌঁছেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত দুই দশকে বৈশ্বিক চলাচলের সুযোগ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে ভূরাজনৈতিক উত্তেজনা, যুদ্ধ ও সংঘাতের কারণে আন্তর্জাতিক ভ্রমণের পরিবেশ এখনও জটিল রয়ে গেছে।

একই সঙ্গে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও সবচেয়ে দুর্বল পাসপোর্টের মধ্যে ব্যবধানও বেড়েছে। সিঙ্গাপুরের পাসপোর্টধারীরা যেখানে ১৯২টি গন্তব্যে আগাম ভিসা ছাড়াই যেতে পারেন, সেখানে আফগানিস্তানের নাগরিকরা যেতে পারেন মাত্র ২২টি দেশে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad