ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক ফরাসি নাগরিকের কাছ থেকে ঘোষণাবিহীন বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা উদ্ধারের ঘটনায় করা মামলায় তাকে দুই দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।
সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. এহসানুল ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এদিন মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপপরিদর্শক (নিরস্ত্র) মোস্তাফিজুল ইসলাম আসামির সাত দিনের রিমান্ড আবেদন করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন এতথ্য নিশ্চিত করেছেন।
মামলার নথি থেকে জানা যায়, ফ্রান্সের নাগরিক ডেভিড পিয়েরে আন্দ্রে ডেলন (৪৪) গত ১৪ জুন সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশত্যাগের সময় সন্দেহজনক আচরণের কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আসেন। পরে তাকে আটক করে শুল্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশ জানায়, তল্লাশির সময় তার কাছে থাকা ব্যাগ ও লাগেজ থেকে বিভিন্ন দেশের বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়। জব্দ তালিকা অনুযায়ী উদ্ধার হওয়া মুদ্রার মধ্যে রয়েছে ২ লাখ ৯৮ হাজার ৫২০ ইউএই দিরহাম, ১০ হাজার ৬৬০ সোম, ২ হাজার ৮০০ ইউরো, ১ হাজার ৭০০ মার্কিন ডলার, ৪৭০ সৌদি রিয়াল এবং ২০০ মরক্কান দিরহাম।
প্রাথমিক অনুসন্ধানে পুলিশ জানতে পারে, বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা বহনসংক্রান্ত নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সীমার অতিরিক্ত বৈদেশিক মুদ্রা বহনের ক্ষেত্রে প্রয়োজনীয় ঘোষণা ও অনুমোদন নেওয়া বাধ্যতামূলক। তবে অভিযুক্ত ব্যক্তি সেই বিধান অনুসরণ করেননি।
রিমান্ড আবেদনে বলা হয়, উদ্ধার হওয়া অর্থের প্রকৃত উৎস, দেশে আনা বা বিদেশে পাচারের উদ্দেশ্য, এর সঙ্গে জড়িত ব্যক্তি বা চক্রের সদস্যদের শনাক্তকরণ এবং মুদ্রাগুলো কোথা থেকে সংগ্রহ করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য উদ্ঘাটনের জন্য আসামিকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। পাশাপাশি বৈদেশিক মুদ্রা পাচারের সঙ্গে কোনো সংঘবদ্ধ চক্র জড়িত আছে কি না, সেটিও অনুসন্ধান করা প্রয়োজন।
এ ঘটনায় বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এবং বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন, ১৯৪৭–এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।


