রাজধানীর রমনার কালীমন্দিরে প্রতিমার স্বর্ণালংকার চুরির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে শাহবাগ থানার পুলিশ। শনিবার মধ্যরাতে রাজধানীর উত্তরখান এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
রোববার শাহবাগ থানার পরিদর্শক (অপারেশন) খোকন মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা মন্দির থেকে সোনা চুরির কথা স্বীকার করেছেন। রিমান্ড আবেদন জানিয়ে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন–লিপি কর্মকার (২৯), তার স্বামী অর্ণব রায় (২৯) ও মো. সুমন (৩৫)।
পুলিশ জানিয়েছে, ৭ অক্টোবর রমনার কালীমন্দিরে প্রতিমার স্বর্ণালংকার চুরির ঘটনা তদন্তে সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে সন্দেহভাজন ব্যক্তিদের শনাক্ত করা হয়। পরে শনিবার মধ্যরাতে শাহবাগ থানা এবং একটি গোয়েন্দা সংস্থার সদস্যরা উত্তরখানের ধোবাদিয়া এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে লিপি ও তার স্বামী অর্ণবকে আটক করেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি করা সোনা কেনার অভিযোগে সুমনকে তার দোকান থেকে আটক করা হয়।


