ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে কানাডার টরন্টো ও ভ্যাঙ্কুভার শহরের প্রবাসীদের মোঢয়ে শুরু হয়েছে অন্যরকম এক ফুটবল উন্মাদনা। একদিকে ভিনদেশী পর্যটক অন্যদিকে দেশটির স্থানীয় দর্শককের সমাগমে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। বিভিন্ন দলের সমর্থকরা স্টেডিয়ামের টিকিট না পাওয়ায় বিকল্প হিসেবে বিভিন্ন ফ্যান জোন, রেস্তোরাঁ, বার ও কমিউনিটি আয়োজনে খেলা উপভোগের পরিকল্পনা করছেন।
টরন্টো ও ভ্যাঙ্কুভার শহরে মোট ১৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। দেশটির সরকার জানিয়েছে, বিশ্বকাপকে ঘিরে নিরাপত্তা, অবকাঠামো উন্নয়ন, পর্যটন ও সাংস্কৃতিক আয়োজনের প্রস্তুতি এরইমধ্যে জোরদার করা হয়েছে।
কানাডা সরকার এরইমধ্যে “কানাডা ওয়েলকামস দ্যা ওয়াল্ড” স্লোগানে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের আমন্ত্রণ জানিয়েছে।
দেশটির ক্রীড়া প্রতিমন্ত্রী অ্যাডাম ভ্যান কুভারডেন বলেন, “এটি শুধু একটি ফুটবল টুর্নামেন্ট নয়, বরং বিশ্বের মানুষের মিলনমেলা।”
সাধারণ প্রবেশের অধিকাংশ টিকিট এরইমধ্যে শেষ হয়ে গেছে, তবুও প্রিমিয়াম প্যাকেজ এখনো পাওয়া যাচ্ছে। ফিফার তথ্য অনুযায়ী, প্রতিদিনের টিকিটের দাম ১০০ থেকে ৩০০ কানাডিয়ান ডলারের মধ্যে, যার সঙ্গে কর ও অতিরিক্ত ফি যুক্ত হবে।
বিশ্লেষকদের মতে, বিশ্বকাপের এই আয়োজন স্থানীয় ব্যবসা, পর্যটন খাত এবং আতিথেয়তা শিল্পের জন্য উল্লেখযোগ্য অর্থনৈতিক সুযোগ সৃষ্টি করবে।
বিশ্বকাপ চলাকালে গ্রেটার টরন্টো এরিয়াজুড়ে অসংখ্য ওয়াচ পার্টির আয়োজন করা হয়েছে, যেখানে সমর্থকেরা একসঙ্গে খেলা দেখতে ও প্রিয় দলকে সমর্থন জানাতে পারবেন।
ফোর্ট ইয়র্ক এবং দ্য বেন্টওয়ে এলাকায় ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত চলবে অফিসিয়াল “ফিফা ফ্যান ফেস্টিভ্যাল। ১৬ বছরের কম বয়সী দর্শকদের অবশ্যই অভিভাবকের সঙ্গে উপস্থিত থাকতে হবে।
বিশ্বকাপ চলাকালে টরন্টোর অনেক জনপ্রিয় বার ও রেস্তোরাঁ বিশেষ নীতি গ্রহণ করেছে। কিছু স্থানে আগাম বুকিং বাধ্যতামূলক করা হয়েছে, আবার কোথাও ন্যূনতম খরচ নির্ধারণ করা হয়েছে। অনেক প্রতিষ্ঠান ক্রেডিট কার্ডের মাধ্যমে রিজার্ভেশন নিশ্চিত করছে।
তাই খেলা দেখতে যাওয়ার আগে পছন্দের ভেন্যুতে ফোন করে তাদের নীতিমালা জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
শুধু খেলা দেখা নয়, বিভিন্ন কমিউনিটি গ্রুপ, ব্যবসা প্রতিষ্ঠান ও স্থানীয় কর্তৃপক্ষ বিশ্বকাপ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, খাদ্য উৎসব এবং বিশেষ অফারেরও আয়োজন করছে। ফলে টরন্টোবাসী ও পর্যটকদের জন্য পুরো টুর্নামেন্ট জুড়েই উৎসবমুখর পরিবেশ তৈরি হওয়ার আশা করা হচ্ছে।


