ঢাকার বিমানবন্দর থানা এলাকায় কাপড় চুরির ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের বিদেশি কাপড়ের ৯০টি রোল এবং দুটি কাভার্ডভ্যান।
শনিবার রাতে রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, শনিবার ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে জিনজিয়ান রেস্টুরেন্টের সামনে থেকে কাপড় ভর্তি একটি কাভার্ডভ্যান চুরি হয়। চট্টগ্রাম বন্দর থেকে আনা এসব কাপড় রাজধানীতে নেওয়ার পথে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় চালক গাড়ি থেকে নামেন। এই সুযোগে দুর্বৃত্তরা কাভার্ডভ্যানটি নিয়ে চলে যায়।
এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা করা হলে পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্ত করে। পরে শনিবার মধ্যরাতে দক্ষিণখান এলাকা থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি করা কাপড় উদ্ধার করা হয়। একইসঙ্গে চুরি হওয়া কাভার্ডভ্যান উদ্ধার ও অপর একটি ভ্যান জব্দ করা হয়। পরবর্তীতে আসামিদের দেওয়া তথ্যে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


