দেশের সকল বিভাগীয় কমিশনার ও ডেপুটি কমিশনার (ডিসি) প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
জেলা প্রশাসক সম্মেলন-২০২৬ উপলক্ষে মঙ্গলবার বিকাল চারটায় সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ ও বিশেষ দিকনির্দেশনা প্রদান অনুষ্ঠানের আয়াজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান বিচারপতি বিভাগীয় কমিশনার ও ডেপুটি কমিশনারদের উদ্দেশে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি ডিসিদের রাষ্ট্রের নির্বাহী বিভাগ ও সাধারণ জনগণের মধ্যে একটি কার্যকর সেতুবন্ধন হিসেবে উল্লেখ করেন।
প্রধান বিচারপতি ডিসিদের সরকারের প্রতিচ্ছবি হিসেবে উল্লেখ করে জনগণ, সমাজ, রাষ্ট্র, সৃষ্টিকর্তা সর্বোপরি নিজের বিবেকের কাছে আমাদের যে দায়বদ্ধতা আছে তা সর্বদা স্মরণ রেখে সর্বক্ষেত্রে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি, মন্ত্রিপরিষদ সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, বিভাগীয় কমিশনার ও ডেপুটি কমিশনার এবং সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


