২০১৩ সালের ৫ ও ৬ মে ঢাকার মতিঝিলের শাপলা চত্বরে সংঘটিত ঘটনার বিচার ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে ‘কওমি স্টুডেন্টস নেটওয়ার্ক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’-এর ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধন থেকে ৯ দফা দাবি ঘোষণা করেছেন আয়োজকরা।
সংগঠনের প্রচার সম্পাদক সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে স্বাগত বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম। এতে বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক মো. শহিদুল হক এবং দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মোজাম্মেল হক সংহতি প্রকাশ করে বক্তব্য দেন।
বক্তারা বলেন, শাপলা চত্বরের ঘটনার প্রকৃত চিত্র ও দায়ীদের চিহ্নিত করতে একটি নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করা জরুরি। সত্য উদঘাটন ও ন্যায়বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব বলেও তারা উল্লেখ করেন।
মানববন্ধনে আরও বক্তব্য দেন চাকসুর জিএস সাঈদ বিন হাবিব, ছাত্র মজলিস চবি শাখার সভাপতি সাকিব মাহমুদ রুমি, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সহসভাপতি রাকিব এবং ভয়েস অব স্টুডেন্টসের সভাপতি আশিকসহ বিভিন্ন সংগঠনের নেতারা।
পরে সংগঠনের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন ৯ দফা দাবি উপস্থাপন করেন। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ঘটনার তদন্তে স্বাধীন কমিশন গঠন ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সম্পৃক্ততা নিশ্চিত করা, সংশ্লিষ্টদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়া, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন ও চিকিৎসা সহায়তা, শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং আলেমদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার।
এ ছাড়া ১৩ দফা দাবি বাস্তবায়ন এবং ভবিষ্যতে শান্তিপূর্ণ সমাবেশে মানবাধিকারসম্মত আচরণ নিশ্চিত করার দাবিও জানানো হয়।


