বাংলাদেশ প্রিমিয়ার লিগের সর্বশেষ আসরে খেলা হয়নি এনামুল হক বিজয়ের। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ইন্টেগ্রিটি ইউনিটের প্রধান অ্যালেক্স মার্শালের তদন্তের মুখে তিনি-সহ মোট ৯ ক্রিকেটারকে বাইরে রাখা হয় বিপিএলের। এরপর ঘরোয়া কোনো টুর্নামেন্টেও তাকে আর খেলতে দেখা যায়নি। তবে আসন্ন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে মোহামেডানের হয়ে খেলবেন বিজয়। শনিবার বিসিবি কার্যালয়ে অবস্থিত সিসিডিএমে এসে আনুষ্ঠানিকভাবে দলবদল সম্পন্ন করেছেন এই উইকেটকিপার ব্যাটার।
দলবদল সম্পন্ন করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের প্রস্তুতি, সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচকতা এবং নতুন দলে খেলার অনুভূতি জানিয়েছেন বিজয়। যেহেতু দীর্ঘদিন প্রতিযোগিতামূলক খেলার বাইরে আছেন, তাই প্রস্তুতি নিয়েও আলাদা প্রশ্ন আছে। শতভাগ প্রস্তুতি নেই, তবে লিগ শুরু হতে হতে সেসব ঘাটতি পূরণের আশা তার।
বিজয় বলেন, ‘একদম শতভাগ প্রস্তুত বলব না, এটা সত্যি। তবে আমার হাতে প্রায় ১৫ দিন সময় আছে। মানসিকভাবে প্রস্তুতি নিয়েছি, কিছুদিন ধরে অনুশীলনও করছি। আশা করছি প্রিমিয়ার লিগ শুরুর আগেই পুরোপুরি প্রস্তুত হয়ে যেতে পারব।’
মোহামেডানের হয়ে এবারের ডিপিএলে খেলা নিয়ে বেশ উচ্ছ্বসিত বিজয়। ডানহাতি এই ওপেনার আরো বলেন, ‘ছোট থেকে আমরা আবাহনী–মোহামেডানের প্রতিদ্বন্দ্বিতা দেখেই বড় হয়েছি। সেই হিসেবে এটা অবশ্যই বড় দল। আমি দীর্ঘদিন আবাহনী লিমিটেডে খেলেছি, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবেও খেলেছি। এবার এমন একটি বড় দলে খেলার সুযোগ এসেছে। আর বিজয়ী দলে খেললে মানসিকতাও স্বাভাবিকভাবেই বিজয়ীদের মতো হয়ে ওঠে।’


