হবিগঞ্জের বানিয়াচংয়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে উপজেলা পরিষদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছে স্থানীয়রা।
বৃহস্পতিবার দুপুরে এ সময় ইউএনও’র কার্যালয়ে ঢুকে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করা হয়।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিয়োগপ্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ এনে একদল ব্যক্তি উপজেলা পরিষদ ও ইউএনও কার্যালয় ঘেরাও করে কুরুচিপূর্ণ স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে বিক্ষোভকারীরা ইউএনও মাহমুদা আক্তার সাথীর কক্ষে ঢুকে ‘তুই শেষ, তাড়াতাড়ি ফলাফল স্থগিত দে’ বলে সরাসরি হুমকি দেন।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে বিক্ষোভকারীদের উচ্চবাচ্য ও হুমকি দিতে শোনা যায়।
বিক্ষোভকারীদের দাবি, ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগে স্বচ্ছতা রাখা হয়নি। তাই অবিলম্বে এই নিয়োগপ্রক্রিয়া পুনরায় যাচাই-বাছাই করে বিতর্কিত ফলাফল স্থগিতের দাবি জানান তারা।
অভিযোগের বিষয়ে ইউএনও মাহমুদা আক্তারের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল ধরেননি করেননি।
এ বিষয়ে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, উপজেলা পরিষদে হট্টগোলের বিষয়টি তিনি শুনেছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি।


